
কানাইঘাট সিলেট:সরকার নির্ধারিত মূল্যে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রি নিশ্চিত করতে কানাইঘাটে মাঠে নেমেছে উপজেলা প্রশাসন। রোববার (৪ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় উপজেলার সড়কের বাজারে গ্যাস সিলিন্ডার বিক্রির দোকানগুলোতে এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ১ম শ্রেণির ম্যাজিস্ট্রেট সুমাইয়া ফেরদৌস।
অভিযানকালে একটি দোকানে সরকার নির্ধারিত মূল্যতালিকা প্রদর্শন না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ওই ব্যবসায়ীকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় ইউএনও সুমাইয়া ফেরদৌস ব্যবসায়ীদের হুঁশিয়ার করে বলেন, কোনো ব্যবসায়ী অবৈধভাবে সিলিন্ডার মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টি করলে কিংবা নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস বিক্রি করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি সকল ব্যবসায়ীকে নিজ নিজ দোকানে মূল্যতালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শনের নির্দেশ দেন।
ভবিষ্যৎ পদক্ষেপ সম্পর্কে ইউএনও জানান, উপজেলার সকল হাট-বাজার ও সিলিন্ডার বিক্রয়কেন্দ্রগুলোতে প্রশাসনের নিয়মিত নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি, কোনো অসাধু ব্যবসায়ী বেশি দামে গ্যাস বিক্রি করলে তা তাৎক্ষণিকভাবে প্রশাসনকে অবহিত করার জন্য সাধারণ ক্রেতাদের প্রতি আহ্বান জানান তিনি।
বর্তমানে সরকারের নির্ধারিত গ্যাস সিলিন্ডার এর মূল্য ১ হাজার ৫৮৫ টাকা থেকে বেড়ে নতুন দাম হয়েছে ১ হাজার ৮৩৭ টাকা।