
নিজস্ব প্রতিবেদকঃসিলেটের কানাইঘাটের বহুল আলোচিত আজিজুর রহমান (আজিজ) হত্যা মামলার প্রধান আসামি আলমগীরকে (৩৮) গ্রেপ্তার করেছে কানাইঘাট থানা পুলিশ। গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছে।
গত ১৫ অক্টোবর (বৃহস্পতিবার) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে কানাইঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলামের নেতৃত্বে পুলিশ বাহিনী এই বিশেষ অভিযান পরিচালনা করে।
পুলিশ সূত্রে জানা যায়, কানাইঘাট থানার এসআই দুর্গা কুমার দেবের নেতৃত্বে একদল পুলিশ ৮ নম্বর ঝিংগাবাড়ী ইউনিয়নের আগফৌদ নারায়ণপুর এলাকায় অভিযান চালিয়ে নারাইনপুর গ্রামের ইজ্জত উল্লাহর ছেলে এবং হত্যা মামলার ১ নম্বর এজাহারনামীয় আসামি আলমগীরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। পরে নিবিড় জিজ্ঞাসাবাদের মুখে গ্রেপ্তারকৃত আলমগীর হত্যাকাণ্ডের বিস্তারিত বর্ণনা দিয়ে নিজের দোষ স্বীকার করে। আজ ১৬ অক্টোবর (শুক্রবার) আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
উল্লেখ্য, ঝিংগাবাড়ী ইউনিয়নের নারাইনপুর গ্রামে সংঘটিত এই মর্মান্তিক হত্যাকাণ্ডের পর নিহত আজিজুর রহমানের মা করিবুন নেছা বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখ করে কানাইঘাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেছিলেন। মামলার পর থেকেই এজাহারভুক্ত আসামিদের গ্রেপ্তারে থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এর আগে, তদন্তের স্বার্থে রিমান্ডে এনে মামলার অপর আসামি বাবলু, হেলাল ও জাহেদসহ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। সর্বশেষ মামলার মূল আসামি আলমগীর গ্রেপ্তার হওয়ায় তদন্তপ্রক্রিয়ায় বড় ধরনের অগ্রগতি এলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
কানাইঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, “হত্যাকাণ্ডের ঘটনার পর থেকেই প্রধান আসামিসহ জড়িতদের ধরতে পুলিশ তৎপর ছিল। প্রধান আসামিকে গ্রেপ্তারের পর সে আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার বাকি পলাতক আসামিদের গ্রেপ্তারেও পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।”