
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে সিলেটের কানাইঘাটে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
সকাল ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে বর্ণাঢ্য র্যালি শেষে উপজেলা সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. প্রাণ কৃষ্ণ হাওলাদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া ফেরদৌস।
অনুষ্ঠানে প্রাণিসম্পদ সপ্তাহের গুরুত্ব ও সম্ভাবনা তুলে ধরে বক্তব্য দেন নবাগত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাকিল মোহাম্মদ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ বিশ্বজিৎ রায়, পৌর বিএনপির সভাপতি নুরুল হোসেন বুলবুল, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি নিজাম উদ্দিন এবং খামারিদের পক্ষে মাহবুব আলমসহ অন্যান্য অতিথিরা।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া ফেরদৌস বলেন, প্রাণিসম্পদ খাতে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণতার দিকে এগিয়ে যাচ্ছে। এ খাতে আরও অগ্রগতি অর্জনে শিক্ষিত তরুণ ও যুবসমাজকে শুধু চাকরির পেছনে না ছুটে প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে নিজ নিজ এলাকায় গবাদিপশুর খামার গড়ে তোলার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, কানাইঘাট একটি কৃষিনির্ভর এলাকা। এখানে পরিকল্পিতভাবে গবাদিপশুর খামার গড়ে তুলে আত্মকর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে।
সভাপতির বক্তব্যে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. প্রাণ কৃষ্ণ হাওলাদার বলেন, প্রাণিসম্পদ খাতে কানাইঘাট ক্রমাগত এগিয়ে যাচ্ছে। গবাদিপশু পালন ও খামারিদের উন্নয়নে সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের সুফল স্থানীয় খামারিরা পাবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি জানান, জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে শুক্রবার ও শনিবার উপজেলা ভেটেরিনারি হাসপাতালে গবাদিপশুর জন্য বিশেষ চিকিৎসাসেবা প্রদান করা হবে।
আলোচনা সভায় প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, আধুনিক খামার ব্যবস্থাপনা, তরুণ উদ্যোক্তা সৃষ্টি এবং স্থানীয় খামারিদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়।